স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সফল সভাপতি মোহাম্মদ ফজলুল হককে সহযোগিতা করার লক্ষ্যে গঠিত সহায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিকেএমইএর বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম।
জানা গেছে, এফবিসিসিআইয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যবসায়ী নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সহায়ক কমিটিতে দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ হাতেম বলেন, এফবিসিসিআই প্রশাসক মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, শিল্পখাতের উন্নয়ন, রপ্তানি সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তিনি জানান।
ব্যবসায়ী মহলের মতে, বিকেএমইএর সাবেক সভাপতি হিসেবে মোহাম্মদ ফজলুল হকের দীর্ঘ অভিজ্ঞতা এবং বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের শিল্প ও রপ্তানি খাতে সক্রিয় নেতৃত্ব—এই দুই অভিজ্ঞতার সমন্বয় এফবিসিসিআইয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। পাশাপাশি দেশের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


